আইএমও-তে ৩টি ব্রোঞ্জসহ ৫টি সম্মাননা জিতলো বাংলাদেশ
চিবার মাকুহারি মেসে মিলনায়তনে অনুষ্ঠিত ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জসহ মোটা পাঁচটি সম্মাননা জিতে নিয়েছে বাংলাদেশ। ব্রোঞ্জপদক বিজয়ীরা হলেন-ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ (২৪ নম্বর), ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান (২৪ নম্বর), রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন (২০ নম্বর) পেয়েছে।
এছাড়াও সম্মানজনক স্বীকৃতি প্রাপ্তরা হলেন- ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় (১৭ নম্বর) ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া (১৬ নম্বর) পেয়েছে। এছাড়া, দলের অন্য সদস্য কুষ্টিয়া সরকারি কলেজের ইমাদ উদ্দীন আহমাদ (৯ নম্বর) পেয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।







